بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করে। তাঁরই জন্য সকল রাজত্ব এবং তাঁরই জন্য সকল প্রশংসা। আর তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।
তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের ও কেউ মুমিন। আর তোমরা যা কিছু কর, সবই আল্লাহ দেখেন।
তিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন। অতঃপর সুন্দরতম করেছেন তোমাদের আকৃতি সমূহকে। আর তাঁর দিকেই হ’ল সব কিছুর প্রত্যাবর্তন।
নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তিনি জানেন এবং তিনি জানেন যা তোমরা গোপন কর ও যা তোমরা প্রকাশ কর। বস্ত্তত আল্লাহ তোমাদের অন্তর্যামী।
তোমাদের নিকট কি তাদের খবর পৌঁছেনি যারা ইতিপূর্বে কুফরী করেছিল? অতঃপর তারা তাদের কৃতকর্মের মন্দ ফল আস্বাদন করেছিল। আর তাদের জন্য (পরকালে) রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
সেটি ছিল একারণে যে, তাদের নিকট তাদের রাসূলগণ প্রকাশ্য নিদর্শন সমূহ নিয়ে আগমন করলে তারা বলত, মানুষ কি আমাদের সুপথ প্রদর্শন করবে? অতঃপর তারা তাদের প্রত্যাখ্যান করত ও মুখ ফিরিয়ে নিত। অথচ আল্লাহ (তাদের আনুগত্যের) মুখাপেক্ষী নন। বস্ত্তত আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত।
কাফেররা ধারণা করে যে, তারা কখনো পুনরুত্থিত হবে না। বল, হ্যাঁ, আমার প্রতিপালকের শপথ! তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর অবশ্যই তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করা হবে। আর সেটি আল্লাহ্র জন্য খুবই সহজ।
অতএব তোমরা আল্লাহ ও তাঁর রাসূল এবং যে জ্যোতি আমরা নাযিল করেছি, তার উপর বিশ্বাস স্থাপন কর। বস্ত্তত আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত।
(স্মরণ কর) যেদিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন একত্রিত করার দিন। আর সেটি হবে লাভ-ক্ষতির দিন। অতঃপর যে ব্যক্তি আল্লাহ্র উপর বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। আর সেটাই হ’ল মহা সফলতা।
আর যারা অবিশ্বাস করে ও আমাদের আয়াত সমূহে মিথ্যারোপ করে, তারা জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। আর কতই না মন্দ সেই ঠিকানা।
কেউ কোন বিপদে পতিত হয় না আল্লাহ্র অনুমতি ব্যতীত। বস্ত্তত যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, তিনি তার হৃদয়কে সুপথে পরিচালিত করেন। আর আল্লাহ সকল বিষয়ে বিজ্ঞ।
তোমরা আল্লাহ্র আনুগত্য কর ও তাঁর রাসূলের আনুগত্য কর। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহ’লে আমাদের রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।
আল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব আল্লাহ্র উপরেই বিশ্বাসীদের ভরসা করা উচিৎ।
হে মুমিনগণ! নিশ্চয়ই তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে। অতএব তাদের থেকে সাবধান হও! আর যদি তোমরা তাদের মার্জনা কর ও দোষ-ত্রুটি উপেক্ষা কর ও ক্ষমা কর, তাহ’লে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান।
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষা মাত্র। আর আল্লাহ্র নিকটেই রয়েছে মহা পুরস্কার।
অতএব তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর। তাঁর কথা শোন ও মান্য কর এবং (আল্লাহ্র পথে) ব্যয় কর। এটিই তোমাদের জন্য কল্যাণকর। বস্ত্তত যারা তাদের হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম।
যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহ’লে তিনি তোমাদের জন্য সেটি বহুগুণ বৃদ্ধি করে দিবেন ও তোমাদের ক্ষমা করবেন। বস্ত্তত আল্লাহ গুণগ্রাহী ও সহনশীল।
তিনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছু জানেন। তিনি মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময়।