৪৪

সূরাঃ দুখান (ধোঁয়া)

মাক্কীমোট আয়াত ৫৯ টি

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حٰمٓۛ ۚ

হা-মীম।

وَالۡكِتٰبِ الۡمُبِيۡنِۛ ۙ

শপথ সুস্পষ্ট কিতাবের।

اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِىۡ لَيۡلَةٍ مُّبٰـرَكَةٍ​ اِنَّا كُنَّا مُنۡذِرِيۡنَ‏ 

আমরা এটি নাযিল করেছি এক বরকতময় রজনীতে। নিশ্চয়ই আমরা সতর্ককারী।

فِيۡهَا يُفۡرَقُ كُلُّ اَمۡرٍ حَكِيۡمٍۙ

এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়,

اَمۡرًا مِّنۡ عِنۡدِنَاؕ اِنَّا كُنَّا مُرۡسِلِيۡنَۚ

আমাদের পক্ষ হ’তে নির্দেশক্রমে। আমরাই তো প্রেরণ করে থাকি।

رَحۡمَةً مِّنۡ رَّبِّكَؕ اِنَّهٗ هُوَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُۙ

যা তোমার পালনকর্তার পক্ষ হ’তে রহমত স্বরূপ। তিনিই তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

رَبِّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۘ اِنۡ كُنۡتُمۡ مُّوۡقِنِيۡنَ‏ 

যিনি নভোমন্ডল ও ভূমন্ডল এবং এ দু’য়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাক।

لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحۡىٖ وَيُمِيۡتُؕ رَبُّكُمۡ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الۡاَوَّلِيۡنَ‏

তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন। তিনি তোমাদের প্রতিপালক ও তোমাদের পূর্ব-পুরুষদের প্রতিপালক।

بَلۡ هُمۡ فِىۡ شَكٍّ يَّلۡعَبُوۡنَ‏

বরং তারা সন্দেহের আবর্তে খেল-তামাশায় মত্ত।

فَارۡتَقِبۡ يَوۡمَ تَاۡتِى السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيۡنٍۙ

অতএব তুমি অপেক্ষা কর সেই দিনের, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় পরিণত হবে।

يَغۡشَى النَّاسَؕ هٰذَا عَذَابٌ اَلِيۡمٌ‏

যা মানুষকে আচ্ছন্ন করবে। এটা হবে যন্ত্রণাদায়ক শাস্তি।

رَبَّنَا اكۡشِفۡ عَنَّا الۡعَذَابَ اِنَّا مُؤۡمِنُوۡنَ‏

(সেদিন অবিশ্বাসীরা বলবে) হে আমাদের প্রতিপালক! আমাদের থেকে এই শাস্তি সরিয়ে নিন। আমরা ঈমান আনব।

اَنّٰى لَهُمُ الذِّكۡرٰى وَقَدۡ جَآءَهُمۡ رَسُوۡلٌ مُّبِيۡنٌۙ

(আল্লাহ বলেন,) কোথায় তাদের উপদেশ গ্রহণ? অথচ তাদের কাছে এসেছিল স্পষ্ট ব্যাখ্যাকারী রাসূল!

ثُمَّ تَوَلَّوۡا عَنۡهُ وَقَالُوۡا مُعَلَّمٌ مَّجۡنُوۡنٌۘ

অতঃপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল, (অন্যের কাছ থেকে) প্রশিক্ষণ প্রাপ্ত একজন পাগল।

اِنَّا كَاشِفُوا الۡعَذَابِ قَلِيۡلًا اِنَّكُمۡ عَآٮِٕدُوۡنَۘ

(আল্লাহ বলেন,) এক্ষণে যদি আমরা কিছুকালের জন্য আযাব সরিয়ে নেই, তাহ’লে তো তোমরা পুনরায় আগের মতই করবে।

يَوۡمَ نَبۡطِشُ الۡبَطۡشَةَ الۡكُبۡـرٰىۚ اِنَّا مُنۡتَقِمُوۡنَ‏

যেদিন আমরা প্রবলভাবে পাকড়াও করব, সেদিন আমরা চূড়ান্ত প্রতিশোধ নেব।

وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَ جَآءَهُمۡ رَسُوۡلٌ كَرِيۡمٌۙ ‏ 

আর নিশ্চয়ই আমরা এদের পূর্বে ফেরাঊনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম। আর তাদের নিকট আগমন করেছিল একজন মহান রাসূল।

اَنۡ اَدُّوۡۤا اِلَىَّ عِبَادَ اللّٰهِؕ اِنِّىۡ لَـكُمۡ رَسُوۡلٌ اَمِيۡنٌۙ ‏ 

এই মর্মে যে, তোমরা আল্লাহ্র বান্দাদেরকে (বনু ইস্রাঈলদেরকে) আমার নিকট অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রাসূল।

وَّاَنۡ لَّا تَعۡلُوۡا عَلَى اللّٰهِۚ اِنِّىۡۤ اٰتِيۡكُمۡ بِسُلۡطٰنٍ مُّبِيۡنٍۚ ‏ 

আর এই মর্মে যে, তোমরা আল্লাহ্র বিরুদ্ধে উদ্ধত হয়োনা। আমি তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ উপস্থাপন করব।

وَاِنِّىۡ عُذۡتُ بِرَبِّىۡ وَرَبِّكُمۡ اَنۡ تَرۡجُمُوۡنِۚ

আর আমি আশ্রয় প্রার্থনা করছি আমার ও তোমাদের প্রতিপালকের। যাতে তোমরা আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পারো।

وَاِنۡ لَّمۡ تُؤۡمِنُوۡا لِىۡ فَاعۡتَزِلُوۡنِ‏

(এরপরেও) যদি তোমরা আমার উপর বিশ্বাস স্থাপন না কর, তাহ’লে তোমরা আমার থেকে দূরে থাক।

فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰٓؤُلَاۤءِ قَوۡمٌ مُّجۡرِمُوۡنَ‏

অতঃপর সে তার প্রতিপালকের নিকট দো‘আ করল যে, ওরা এক অপরাধী সম্প্রদায়।

فَاَسۡرِ بِعِبَادِىۡ لَيۡلًا اِنَّكُمۡ مُّتَّبَعُوۡنَۙ

তখন (আমরা বললাম,) তুমি আমার বান্দাদের নিয়ে রাতেই বেরিয়ে পড়। নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।

وَاتۡرُكِ الۡبَحۡرَ رَهۡوًاؕ اِنَّهُمۡ جُنۡدٌ مُّغۡرَقُوۡنَ‏

আর নদীকে শুষ্ক ছেড়ে দাও। নিশ্চয়ই ওরা এমন এক বাহিনী, যারা নিমজ্জিত হবে।

كَمۡ تَرَكُوۡا مِنۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍۙ

তারা ছেড়ে গিয়েছিল কতই না বাগ-বাগিচা ও প্রস্রবণ।

وَّزُرُوۡعٍ وَّمَقَامٍ كَرِيۡمٍۙ

কত শস্যক্ষেত্র ও সুরম্য বাসভবন।

وَّنَعۡمَةٍ كَانُوۡا فِيۡهَا فٰكِهِيۡنَۙ

কত বিলাস উপকরণ, যার মধ্যে তারা মগ্ন থাকত।

كَذٰلِكَ​ وَاَوۡرَثۡنٰهَا قَوۡمًا اٰخَرِيۡنَ‏

এভাবেই আমরা করে থাকি। আর আমরা সেসবের মালিক করলাম অন্য এক সম্প্রদায়কে।

فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ السَّمَآءُ وَالۡاَرۡضُ وَمَا كَانُوۡا مُنۡظَرِيۡنَ‏ 

অতঃপর আকাশ ও পৃথিবী তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদেরকে অবকাশ দেওয়া হয়নি।

وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ مِنَ الۡعَذَابِ الۡمُهِيۡنِۙ

আর (এভাবে) আমরা বনু ইস্রাঈলকে হীনকর শাস্তি থেকে উদ্ধার করেছিলাম,

مِنۡ فِرۡعَوۡنَؕ اِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الۡمُسۡرِفِيۡنَ‏

ফেরাঊনের কবল থেকে। সে ছিল সীমালংঘনকারীদের শীর্ষ।

وَلَقَدِ اخۡتَرۡنٰهُمۡ عَلٰى عِلۡمٍ عَلَى الۡعٰلَمِيۡنَۚ

আর আমরা জেনে-শুনেই তাদেরকে (বনু ইস্রাঈলদেরকে) বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম।

وَاٰتَيۡنٰهُمۡ مِّنَ الۡاٰيٰتِ مَا فِيۡهِ بَلٰٓؤٌا مُّبِيۡنٌ‏

আর তাদেরকে দিয়েছিলাম নিদর্শনাবলী (যেমন লাঠি ও প্রদীপ্ত হস্ততালু), যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা।

اِنَّ هٰٓؤُلَاۤءِ لَيَقُوۡلُوۡنَۙ

নিশ্চয়ই ওরা (কাফেররা) বলে থাকে,

اِنۡ هِىَ اِلَّا مَوۡتَتُنَا الۡاُوۡلٰى وَمَا نَحۡنُ بِمُنۡشَرِيۡنَ‏

আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নেই এবং আমরা পুনরুত্থিত হব না।

فَاۡتُوۡا بِاٰبَآٮِٕنَاۤ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ‏

অতএব তোমরা যদি সত্যবাদী হও, তাহ’লে আমাদের বাপ-দাদাদের নিয়ে এসো।

اَهُمۡ خَيۡرٌ اَمۡ قَوۡمُ تُبَّعٍۙ وَّ الَّذِيۡنَ مِنۡ قَبۡلِهِمۡؕ اَهۡلَكۡنٰهُمۡ​ اِنَّهُمۡ كَانُوۡا مُجۡرِمِيۡنَ‏

তাহ’লে তারা কি শ্রেষ্ঠ, না তুববা‘ সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? তাদেরকে আমরা ধ্বংস করেছি। নিঃসন্দেহে তারা ছিল অপরাধী।

وَمَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لٰعِبِيۡنَ‏

নভোমন্ডল ও ভূমন্ডল এবং এ দু‘য়ের মধ্যেকার কোন কিছুকেই আমরা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।

مَا خَلَقۡنٰهُمَاۤ اِلَّا بِالۡحَقِّ وَلٰكِنَّ اَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُوۡنَ‏ 

আমরা এ দু’টিকে যথার্থভাবেই সৃষ্টি করেছি। কিন্তু তাদের অধিকাংশ এটা জানেনা।

اِنَّ يَوۡمَ الۡفَصۡلِ مِيۡقَاتُهُمۡ اَجۡمَعِيۡنَۙ

নিশ্চয়ই বিচার দিবস হ’ল তাদের সকলের জন্য নির্ধারিত সময়।

يَوۡمَ لَا يُغۡنِىۡ مَوۡلًى عَنۡ مَّوۡلًى شَيۡــًٔا وَّلَا هُمۡ يُنۡصَرُوۡنَۙ ‏ 

যেদিন কোন বন্ধু তার বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবেনা।

اِلَّا مَنۡ رَّحِمَ اللّٰهُؕ اِنَّهٗ هُوَ الۡعَزِيۡزُ الرَّحِيۡمُ‏

কেবল আল্লাহ যাকে অনুগ্রহ করবেন সে ব্যতীত। নিশ্চয়ই তিনি মহা পরাক্রান্ত ও অসীম দয়ালু।

اِنَّ شَجَرَتَ الزَّقُّوۡمِۙ

নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ,

طَعَامُ الۡاَثِيۡمِۛۚۖ

পাপীদের খাদ্য।

كَالۡمُهۡلِۛۚ يَغۡلِىۡ فِى الۡبُطُوۡنِۙ

গলিত তামার ন্যায়, যা পেটে ফুটতে থাকবে,

كَغَلۡىِ الۡحَمِيۡمِ‏

ফুটন্ত পানির ন্যায়।

خُذُوۡهُ فَاعۡتِلُوۡهُ اِلٰى سَوَآءِ الۡجَحِيۡمِ ۖ

(বলা হবে) ওকে ধর ও টেনে-হিঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে।

ثُمَّ صُبُّوۡا فَوۡقَ رَاۡسِهٖ مِنۡ عَذَابِ الۡحَمِيۡمِؕ

অতঃপর তার মাথায় ঢালো ফুটন্ত পানির শাস্তি।

ذُقۡۖۚ اِنَّكَ اَنۡتَ الۡعَزِيۡزُ الۡكَرِيۡمُ‏

(অতঃপর বলা হবে) স্বাদ গ্রহণ কর। তুমি তো ছিলে (দুনিয়ায়) পরাক্রান্ত ও সম্ভ্রান্ত।

اِنَّ هٰذَا مَا كُنۡتُمۡ بِهٖ تَمۡتَرُوۡنَ‏

এটাতো সেটাই, যে বিষয়ে তোমরা সন্দেহ পোষণ করতে।

اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ مَقَامٍ اَمِيۡنٍۙ

নিশ্চয়ই আল্লাহভীরুরা থাকবে নিরাপদ স্থানে।

فِىۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍۙۚ

বাগ-বাগিচা ও ঝর্ণা সমূহের মধ্যে।

يَّلۡبَسُوۡنَ مِنۡ سُنۡدُسٍ وَّاِسۡتَبۡرَقٍ مُّتَقٰبِلِيۡنَۚۙ

তারা সেখানে পরিধান করবে মিহি ও মোটা রেশমের কাপড় সমূহ এবং বসবে মুখোমুখি হয়ে।

كَذٰلِكَ وَزَوَّجۡنٰهُمۡ بِحُوۡرٍ عِيۡنٍؕ

এটাই হবে সেদিনের বাস্তবতা। আর আমরা তাদেরকে জোড়া বানিয়ে দেব আনত নয়না হূরদের সাথে।

يَدۡعُوۡنَ فِيۡهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيۡنَۙ

সেখানে তারা প্রশান্তচিত্তে বিভিন্ন ফল-মূল আনতে বলবে।

لَا يَذُوۡقُوۡنَ فِيۡهَا الۡمَوۡتَ اِلَّا الۡمَوۡتَةَ الۡاُوۡلٰىۚ وَوَقٰٮهُمۡ عَذَابَ الۡجَحِيۡمِۙ

তারা সেখানে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, (দুনিয়ার) প্রথম মৃত্যু ব্যতীত। আর আল্লাহ তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি হ’তে,

فَضۡلًا مِّنۡ رَّبِّكَؕ ذٰ لِكَ هُوَ الۡفَوۡزُ الۡعَظِيۡمُ‏

তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ। সেটাই হবে মহা সফলতা।

فَاِنَّمَا يَسَّرۡنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُوۡنَ‏

আর আমরা তোমার ভাষায় একে (কুরআনকে) সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।

فَارۡتَقِبۡ اِنَّهُمۡ مُّرۡتَقِبُوۡنَ‏

সুতরাং তুমি অপেক্ষায় থাক এবং তারাও অপেক্ষায় থাকুক।