بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
শপথ তূর পাহাড়ের।
শপথ লিপিবদ্ধ কিতাবের,
উন্মুক্ত পত্রে।
শপথ আবাদ গৃহের।
শপথ সুউচ্চ ছাদের।
শপথ উত্তাল সমুদ্রের।
নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি আসবেই।
একে প্রতিহত করার কেউ নেই।
যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে।
আর পর্বতমালা চালিত হবে তীব্রভাবে।
দুর্ভোগ সেদিন মিথ্যারোপকারীদের জন্য!
যারা খেল-তামাশায় মত্ত।
সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে ধাক্কিয়ে নেওয়া হবে।
(বলা হবে) এটাই হ’ল সেই আগুন, যাকে তোমরা মিথ্যা বলতে।
এটা কি জাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না?
তোমরা এতে প্রবেশ কর। অতঃপর তোমরা ধৈর্যধারণ কর বা না কর সবই সমান। তোমরা তো কেবল তোমাদের কৃতকর্মের ফল ভোগ করছ।
নিশ্চয়ই মুত্তাক্বীরা থাকবে জান্নাতে ও সুখ-সম্ভোগে।
তাদের প্রতিপালক তাদের যা দিবেন তা তারা ভোগ করবে খুশীমনে। আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।
তোমরা তোমাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ খুশী মনে খাও ও পান কর।
তারা সারিবদ্ধ আসনসমূহে ঠেস দিয়ে বসবে এবং আমরা তাদেরকে বিবাহ দিব আয়ত লোচনা হূরদের সাথে।
যারা ঈমানদার এবং যাদের সন্তান-সন্ততি ঈমানে তাদের অনুগামী, আমরা তাদেরকে তাদের সন্তানদের সাথে মিলিয়ে দেব। আর আমরা তাদের কর্মফল দানে আদৌ কমতি করব না। বস্ত্তত প্রত্যেক ব্যক্তি স্ব স্ব কৃতকর্মের নিকট দায়বদ্ধ।
আর আমরা তাদেরকে অতিরিক্ত দেব ফল-মূল ও মাংস, যা তারা কামনা করবে।
সেখানে তারা পরস্পরে পানপাত্র নিয়ে কাড়াকাড়ি করবে। অথচ সেখানে কোন অনর্থক কথা ও পাপের কথা থাকবে না।
তাদের সেবায় পদচারণা করবে কিশোররা, যেন তারা সুরক্ষিত মণি-মুক্তা।
তারা পরস্পরে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে।
এবং বলবে, ইতিপূর্বে আমরা আমাদের পরিবারে আতংকিত ছিলাম।
অতঃপর আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হ’তে রক্ষা করেছেন।
নিশ্চয়ই আমরা ইতিপূর্বে আল্লাহকে ডাকতাম। নিশ্চয় তিনি বড়ই কল্যাণকারী ও পরম দয়ালু।
অতএব তুমি উপদেশ দিতে থাক। অতঃপর তোমার পালনকর্তার অনুগ্রহে তুমি গণৎকার নও বা পাগল নও।
নাকি তারা বলতে চায় যে, সে একজন কবি। আমরা তার মৃত্যু ঘটার অপেক্ষায় আছি।
বলে দাও! তোমরা অপেক্ষায় থাক। আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম।
তাদের বিবেক কি তাদের এই মিথ্যারোপে প্ররোচিত করে? নাকি তারা আসলেই এক অবাধ্য সম্প্রদায়?
নাকি তারা বলে যে, এটি তার মনগড়া কথা! বরং ওরা এটাতে বিশ্বাসই করে না।
যদি তারা সত্যবাদী হয়, তাহ’লে অনুরূপ একটি কুরআন ওরা নিয়ে আসুক! (চ্যালেঞ্জ-৬)
তারা কি কোন কিছু ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা?
নাকি তারা নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে? বরং আসলেই তারা দৃঢ় বিশ্বাসী নয়।
নাকি তাদের নিকট তাদের প্রতিপালকের ভান্ডারসমূহ রয়েছে। নাকি তারাই সবকিছুর নিয়ন্ত্রক?
নাকি তাদের কোন সিঁড়ি আছে, যাতে উঠে তারা আল্লাহ্র কথা শুনে আসে? যদি থাকে, তাহ’লে তাদের সেই শ্রবণকারী সুস্পষ্ট প্রমাণসহ উপস্থিত হউক!
নাকি তাঁর জন্য কন্যা সন্তান ও তোমাদের জন্য পুত্র সন্তান?
নাকি তুমি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যে, তারা সেই বোঝায় কাবু হয়ে পড়েছে?
নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, যা তারা লিপিবদ্ধ করে?
নাকি তারা চক্রান্ত করতে চায়? অতঃপর অবিশ্বাসীরাই হবে চক্রান্তের শিকার।
নাকি আল্লাহ ব্যতীত তাদের কোন উপাস্য আছে? অথচ তারা যাদের শরীক করে, আল্লাহ তাদের থেকে মহা পবিত্র।
যদি তারা আকাশ থেকে কোন খন্ড পতিত হ’তে দেখে, তখন তারা বলে এটি পুঞ্জীভূত মেঘখন্ড।
অতএব ছাড় ওদেরকে, যতদিন না ওরা প্রকম্পনের দিনের সম্মুখীন হয়।
সেদিন তাদের চক্রান্ত কোনই কাজে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না।
নিশ্চয়ই যালেমদের জন্য এছাড়াও শাস্তি রয়েছে। কিন্তু তাদের অধিকাংশ তা জানে না।
আর তুমি তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ কর। কেননা তুমি আমাদের চোখের সামনেই রয়েছ। আর তুমি তোমার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা কর যখন তুমি ওঠ।
এবং রাত্রির কিছু অংশে ও তারকারাজির অস্তগমনের পর তুমি তাঁর পবিত্রতা বর্ণনা কর।