بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
শপথ মৃদুমন্দ বায়ু নিয়ে প্রেরিত ফেরেশতাদের।
শপথ ঝঞ্ঝাবায়ু নিয়ে প্রেরিত ফেরেশতাদের।
শপথ মেঘ বিস্তৃতকারী বায়ু নিয়ে প্রেরিত ফেরেশতাদের।
শপথ হক ও বাতিলের পার্থক্যকারী আয়াত সমূহ নিয়ে প্রেরিত ফেরেশতাদের।
শপথ নবীগণের প্রতি অহি প্রক্ষেপণকারী ফেরেশতাদের।
ওযর না রাখার জন্য অথবা সতর্ক করার জন্য।
নিশ্চয়ই তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা সংঘটিত হবেই।
যেদিন নক্ষত্ররাজি জ্যোতিহীন হবে।
যেদিন আকাশ বিদীর্ণ হবে।
যেদিন পর্বতমালা উড়িয়ে দেওয়া হবে।
যেদিন (স্ব স্ব উম্মতের সাথে) রাসূলগণের একত্রিত হওয়ার সময় নির্ধারিত হবে।
এগুলি কোন্ দিবসের জন্য বিলম্বিত করা হচ্ছে?
বিচার দিবসের জন্য।
তুমি কি জানো বিচার দিবস কি?
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (১)।
আমরা কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি?
অতঃপর আমরা তাদের অনুগামী করব পরবর্তীদের।
অপরাধীদের সাথে আমরা এরূপই করে থাকি।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (২)।
আমরা কি তোমাদের সৃষ্টি করিনি নিকৃষ্ট পানি হ’তে?
অতঃপর আমরা তা রাখি (জরায়ুর) নিরাপদ আধারে।
নির্দিষ্ট সময় পর্যন্ত।
অতঃপর আমরা তাকে পরিমিত অবয়ব দান করি। অতএব কতই না নিপুণ সেই কারিগরগণ!
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (৩)।
আমরা কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারীরূপে?
জীবিত ও মৃতদের?
আর আমরা তাতে স্থাপন করেছি সুউচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (৪)।
চল তোমরা তার দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।
চল তোমরা তিন কুন্ডলী বিশিষ্ট ছায়ার দিকে।
যে ছায়া শীতল নয় এবং যা অগ্নিশিখা থেকে রক্ষা করে না।
যা অট্টালিকা সদৃশ বড় বড় স্ফুলিঙ্গ নিক্ষেপ করে।
যেন সেটি পীত বর্ণের উষ্ট্রশ্রেণী।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (৫)।
এটা এমন একটা দিন, যেদিন কেউ কথা বলবে না।
তাদের কোন অনুমতি দেওয়া হবে না যে তারা ওযর পেশ করবে।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (৬)।
এটা বিচার দিবস। এদিন আমরা তোমাদের ও পূর্ববর্তীদের একত্রিত করব।
অতএব যদি তোমাদের কোন কৌশল থাকে, তবে তা প্রয়োগ কর আমার বিরুদ্ধে।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (৭)।
নিশ্চয়ই মুত্তাক্বীরা থাকবে সুশীতল ছায়াতলে ও ঝর্ণাসমূহের মধ্যে।
এবং ফল সম্ভারের মধ্যে, যা তারা কামনা করবে।
(বলা হবে,) তোমরা খুশী মনে খাও ও পান কর তোমাদের সৎকর্মের বিনিময়ে।
এভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (৮)।
তোমরা কিছুদিন খাও ও ভোগ কর, নিশ্চয়ই তোমরা অপরাধী।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (৯)।
যখন তাদের বলা হয় রুকূ কর, তারা রুকূ করে না (অর্থাৎ ছালাত পড়ে না)।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য (১০)।
এক্ষণে তারা এরপর কোন্ বাণীতে বিশ্বাস স্থাপন করবে?