بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
ভ্রুকুঞ্চিত করল ও মুখ ফিরিয়ে নিল
এজন্য যে, তার নিকটে একজন অন্ধ ব্যক্তি এসেছে।
তুমি কি জানো সে হয়তো পরিশুদ্ধ হ’ত!
অথবা উপদেশ গ্রহণ করতো। অতঃপর সে উপদেশ তার উপকারে আসতো।
পক্ষান্তরে যে ব্যক্তি উদ্ধত,
তুমি তাকে নিয়েই ব্যস্ত রয়েছ।
অথচ ঐ ব্যক্তি পরিশুদ্ধ না হ’লে তাতে তোমার কোন দোষ নেই।
পক্ষান্তরে যে ব্যক্তি তোমার নিকটে দৌড়ে এল,
এমন অবস্থায় যে সে (আল্লাহকে) ভয় করে,
অথচ তুমি তাকে অবজ্ঞা করলে।
কখনই না। এটা তো উপদেশবাণী মাত্র।
অতএব যে চায় উপদেশ গ্রহণ করুক!
(এটা লিপিবদ্ধ আছে) সম্মানিত ফলক সমূহে
যা উচ্চ মর্যাদাসম্পন্ন ও পবিত্র।
(যা লিখিত হয়েছে) লিপিকার ফেরেশতাদের হাতে।
যারা উচ্চ সম্মানিত ও পূত-চরিত্র।
ধ্বংস হৌক মানুষ! সে কতই না অকৃতজ্ঞ!
(সে কি ভেবে দেখে না) কি বস্ত্ত হ’তে (আল্লাহ) তাকে সৃষ্টি করেছেন?
(পিতা-মাতার মিশ্রিত) জনন কোষ হ’তে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিত করেছেন।
অতঃপর তার (ভূমিষ্ঠ হওয়ার) রাস্তা সহজ করে দিয়েছেন।
অতঃপর তিনি তার মৃত্যু ঘটান। অতঃপর তাকে কবরস্থ করেন।
অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন তাকে পুনর্জীবিত করবেন।
কখনই না। সে পূর্ণ করেনি, যা তিনি (আললাহ) তাকে আদেশ করেছেন।
অতঃপর মানুষ লক্ষ্য করুক তার খাদ্যের দিকে।
আমরাই প্রচুর বৃষ্টি বর্ষণ করি
অতঃপর ভূমিকে ভালভাবে বিদীর্ণ করি
অতঃপর তাতে উৎপন্ন করি খাদ্য-শস্য
আঙ্গুর ও শাক-সবজি
যায়তূন ও খর্জুর
ঘন পল্লবিত উদ্যানরাজি
এবং ফল-মূল ও ঘাস-পাতা।
তোমাদের ও তোমাদের গবাদিপশুর জন্য ভোগ্যবস্ত্ত হিসাবে।
অতঃপর যেদিন সেই নিনাদ আসবে
সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে,
তার মা ও বাপ থেকে
এবং তার স্ত্রী ও সন্তান থেকে।
প্রত্যেক মানুষের সেদিন এমন অবস্থা হবে যে, সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে।
অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল
সহাস্য ও প্রফুল্ল।
আর অনেক মুখমন্ডল সেদিন হবে ধূলি-মলিন
কালিমালিপ্ত।
তারা হ’ল অবিশ্বাসী ও পাপিষ্ঠ।