بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
যেদিন আকাশ বিদীর্ণ হবে
যেদিন নক্ষত্রসমূহ ঝরে পড়বে
যেদিন সাগরসমূহ উত্তাল হবে
যেদিন কবরসমূহ উন্মুক্ত হবে
সেদিন প্রত্যেকে জানবে সে অগ্রে ও পশ্চাতে কি প্রেরণ করেছে।
হে মানুষ! কোন্ বস্ত্ত তোমাকে তোমার মহান প্রভু থেকে বিভ্রান্ত করল?
যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অতঃপর সুঠাম করেছেন। অতঃপর সুষম করেছেন।
তিনি তোমাকে তেমন আকৃতিতে গঠন করেছেন, যেভাবে তিনি চেয়েছেন।
কখনোই না। বরং তোমরা বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করেছ।
অথচ তোমাদের উপরে অবশ্যই তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে।
সম্মানিত লেখকবৃন্দ।
তারা জানেন যা তোমরা কর।
নিশ্চয়ই নেককার ব্যক্তিগণ থাকবে জান্নাতে
এবং পাপাচারীরা থাকবে জাহান্নামে।
তারা বিচার দিবসে তাতে প্রবেশ করবে।
তারা সেখান থেকে অনুপস্থিত থাকবে না।
তুমি কি জানো বিচার দিবস কি?
অতঃপর তুমি কি জানো বিচার দিবস কি?
যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহ্র।