بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
দুর্ভোগ মাপে কম দানকারীদের জন্য।
যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় নেয়
এবং যখন লোকদের মেপে দেয়, বা ওযন করে দেয়, তখন কম দেয়।
তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে?
সেই মহা দিবসে,
যেদিন মানুষ দন্ডায়মান হবে বিশ্বপালকের সম্মুখে।
কখনই না। নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা থাকবে সিজ্জীনে।
তুমি কি জানো সিজ্জীন কি?
লিপিবদ্ধ খাতা।
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য।
যারা কর্মফল দিবসকে মিথ্যা সাব্যস্ত করে।
অথচ এতে কেউ মিথ্যারোপ করে না সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যতীত।
যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন বলে, এসব পুরাকালের কাহিনী মাত্র।
কখনই না। বরং তাদের অপকর্মসমূহ তাদের অন্তরে মরিচা ধরিয়েছে।
কখনই না। তারা সেদিন তাদের প্রতিপালকের দর্শন হ’তে বঞ্চিত থাকবে।
অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে।
অতঃপর তাদের বলা হবে, এটাই তো সেই স্থান, যাতে তোমরা মিথ্যারোপ করতে।
কখনই না। নিশ্চয়ই নেককারগণের আমলনামা থাকবে ইল্লিয়ীনে।
তুমি কি জানো ইল্লিয়ীন কি?
লিপিবদ্ধ খাতা।
নৈকট্যশীল ফেরেশতাগণ তা প্রত্যক্ষ করে।
নিশ্চয়ই নেককারগণ থাকবে জান্নাতে
উচ্চাসনে বসে তারা অবলোকন করবে।
তুমি তাদের চেহারাসমূহে দেখবে স্বাচ্ছন্দ্যের প্রফুল্লতা।
তাদেরকে পান করানো হবে মোহরাংকিত বিশুদ্ধ পানীয়।
তার মোহর হবে মিশকের। আর এরূপ বিষয়েই প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
আর তাতে মিশ্রণ থাকবে তাসনীমের।
এটি এমন ঝর্ণা, যা থেকে পান করবে নৈকট্যশীল বান্দাগণ।
নিশ্চয়ই যারা পাপী, তারা (দুনিয়ায়) বিশ্বাসীদের উপহাস করত।
যখন তারা তাদের অতিক্রম করত, তখন তাদের প্রতি চোখ টিপে হাসতো।
আর যখন তারা তাদের পরিবারের কাছে ফিরত, তখন উৎফুল্ল হয়ে ফিরত।
যখন তারা বিশ্বাসীদের দেখত, তখন বলত নিশ্চয়ই ওরা পথভ্রষ্ট।
অথচ তারা বিশ্বাসীদের উপর তত্ত্বাবধায়ক হিসাবে প্রেরিত হয়নি।
পক্ষান্তরে আজকের দিনে বিশ্বাসীরা অবিশ্বাসীদের দেখে হাসবে।
উচ্চাসনে বসে তারা অবলোকন করবে।
অবিশ্বাসীরা যা করত, তার প্রতিফল তারা পেয়েছে তো?