بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
তুমি তোমার সর্বোচ্চ প্রতিপালকের নামের পবিত্রতা বর্ণনা কর।
যিনি সৃষ্টি করেছেন। অতঃপর বিন্যস্ত করেছেন।
যিনি পরিমিত করেছেন। অতঃপর পথ প্রদর্শন করেছেন।
যিনি তৃণাদি উৎপন্ন করেন।
অতঃপর তাকে শুষ্ক-কালো বর্জ্যে পরিণত করেন।
সত্বর আমরা তোমাকে পাঠ করাবো (কুরআন)। অতঃপর তুমি তা ভুলবে না।
তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য ও গোপন সকল বিষয়।
আর আমরা তোমাকে সরল পথের জন্য সহজ করে দেব।
অতএব তুমি উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়।
সত্বর উপদেশ গ্রহণ করবে, যে ভয় করে।
আর তা উপেক্ষা করবে, যে নিতান্ত হতভাগা।
যে প্রবেশ করবে মহা অগ্নিতে।
অতঃপর সেখানে সে মরবেও না, বাঁচবেও না।
নিশ্চয়ই সফল হয় সেই ব্যক্তি, যে পরিশুদ্ধ হয়।
এবং তার প্রভুর নাম স্মরণ করে। অতঃপর ছালাত আদায় করে।
বরং তোমরা দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়ে থাক।
অথচ আখেরাত হ’ল উত্তম ও চিরস্থায়ী।
নিশ্চয়ই এটি লিপিবদ্ধ ছিল পূর্ববর্তী কিতাব সমূহে-
ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।