بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
তোমার কাছে আচ্ছন্নকারী দিবসের খবর পৌঁছেছে কি?
যেদিন অনেক মুখমন্ডল হবে ভীত-নমিত
ক্লিষ্ট, ক্লান্ত।
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে
তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা হ’তে
তাদের কোন খাদ্য থাকবে না বিষাক্ত কাঁটাযুক্ত শুকনা যরী‘ ঘাস ব্যতীত।
যা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধাও মিটাবে না।
যেদিন অনেক মুখমন্ডল হবে উৎফুল্ল
স্ব স্ব কর্মফলে সন্তুষ্ট।
তারা থাকবে সুউচ্চ বাগিচায়
যেখানে শুনবে না কোন অসার বাক্য
যেখানে থাকবে প্রবহমান ঝর্ণাসমূহ
থাকবে সমুচ্চ আসন সমূহ
এবং রক্ষিত পানপাত্র সমূহ
ও সারিবদ্ধ বালিশ সমূহ
এবং বিস্তৃত গালিচা সমূহ।
তারা কি দেখে না উষ্ট্রের প্রতি, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?
এবং আকাশের প্রতি, কিভাবে তাকে উচ্চ করা হয়েছে?
এবং পাহাড় সমূহের প্রতি, কিভাবে তা স্থাপন করা হয়েছে?
এবং পৃথিবীর প্রতি, কিভাবে তাকে বিছানো হয়েছে?
অতএব তুমি উপদেশ দাও। তুমি তো একজন উপদেশদাতা মাত্র।
তুমি তাদের উপরে দারোগা নও।
তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় ও অবিশ্বাসী হয়,
আল্লাহ তাকে সবচাইতে বড় শাস্তি প্রদান করবেন।
নিশ্চয় আমাদের কাছেই তাদের প্রত্যাবর্তন।
অতঃপর আমাদের দায়িত্বে রয়েছে তাদের হিসাব গ্রহণ।