بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
শপথ সূর্যের ও তার কিরণের
শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে
শপথ দিবসের যখন তা সূর্যকে প্রকাশ করে দেয়
শপথ রাত্রির যখন তা সূর্যকে ঢেকে দেয়,
শপথ আকাশের ও তার নির্মাণের
শপথ পৃথিবীর ও তার বিস্তৃতির
শপথ মানুষের ও তার বিন্যস্ত করণের,
অতঃপর তার মধ্যে তিনি নিক্ষেপ করেছেন দুষ্কর্মের ও সৎকর্মের প্রেরণা।
সফল হয় সেই ব্যক্তি, যে তার নফসকে পরিশুদ্ধ করে।
এবং ব্যর্থ হয় সেই ব্যক্তি, যে তার নফসকে কলুষিত করে।
ছামূদ জাতি মিথ্যারোপ করেছিল অবাধ্যতা বশে
যখন তাদের সর্বাধিক দুরাচার ব্যক্তিটি তৎপর হয়ে উঠেছিল।
অতঃপর তাদেরকে আল্লাহ্র রাসূল বলেছিল, আল্লাহ্র উষ্ট্রী ও তার পানি পান করার ব্যাপারে সাবধান হও!
কিন্তু তারা তাঁকে মিথ্যা সাব্যস্ত করেছিল। অতঃপর উষ্ট্রীর পা কর্তন করেছিল। ফলে তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের সমূলে ধ্বংস করে জনপদকে একাকার করে দিলেন।
আর তিনি এর মন্দ পরিণতিকে ভয় করেন না।